-
আমরা যে দ্বীন পালন করি এই দ্বীন শুধু আখিরাতের জীবনকেই সুন্দর করেনা, দুনিয়ার জীবনকেও করে সুন্দর।
যেই ব্যক্তি সঠিকভাবে দ্বীন পালন করে, আল্লাহর দেয়া হুকুম আহকামগুলো ইখলাসের সাথে সুন্নাহ সম্মতভাবে আদায় করে সে দুনিয়াতেই লাভ করবে এক টুকরো জান্নাত।
আল্লাহ তাআলা বলেছেন-
مَنۡ عَمِلَ صَالِحًا مِّنۡ ذَكَرٍ اَوۡ اُنۡثٰی وَ هُوَ مُؤۡمِنٌ فَلَنُحۡیِیَنَّهٗ حَیٰوۃً طَیِّبَۃً ۚ وَ لَنَجۡزِیَنَّهُمۡ اَجۡرَهُمۡ بِاَحۡسَنِ مَا كَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۹۷﴾
নারী হোক বা পুরুষ যেই সৎকাজ করবে মুমিন অবস্থায়, তাকে আমি অবশ্যই উত্তম জীবন দান করব আর তারা যেই আমল করেছে আমি তাদেরকে এর উত্তম প্রতিফল দান করব। -[সুরা নাহল ৯৭]
যদি কেউ 'ব্যক্তি জীবনে' আল্লাহর আনুগত্য করে তাহলে সে ব্যাক্তি জীবনে উত্তম জীবন লাভ করবে।
আর যখন সমাজ ও রাষ্ট্র আল্লাহর দেওয়া হুকুম আহকাম অনুযায়ী পরিচালিত হয় তখন সেই সমাজ ও রাষ্ট্র আদর্শ সমাজ ও রাষ্ট্রে পরিণত হয়। সেখান থেকে মারামারি হানাহানি, অশান্তি অন্যায় অবিচার বিদায় নেয়, সর্বত্র বিরাজ করে এক শান্তিময় পরিবেশ।
পক্ষান্তরে কেউ যদি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে দুনিয়াটা প্রশস্ত হওয়া সত্ত্বেও তার জীবনটা সংকীর্ণ হয়ে যায়। সে তখন প্রকৃত সুখের পরিবর্তে মেকী সুখের পেছনে দৌড়াতে শুরু করে।
সে তখন একটুখানি সুখের আশায় যাবতীয় অপরাধমূলক কাজ করে বেড়ায়। কেউ মদের নেশায় সুখ খোঁজে, কেউ যিনা ব্যভিচার ও অন্যায় অশ্লীলতায় সুখ খোঁজে, কেউ আবার মিউজিক গান আর বারে গিয়ে সুখ খোঁজে। সর্বত্র সে সুখ হাতড়ে বেড়ায় কিন্তু কোথাও সুখের দেখা পায়না।
এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন-
وَ مَنۡ اَعۡرَضَ عَنۡ ذِكۡرِیۡ فَاِنَّ لَهٗ مَعِیۡشَۃً ضَنۡكًا وَّ نَحۡشُرُهٗ یَوۡمَ الۡقِیٰمَۃِ اَعۡمٰی ﴿۱۲۴﴾
আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য হবে নিশ্চয় এক সংকীর্ণ জীবন এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়। -[সুরা ত্বহা ১২৪]
একইভাবে সমাজ ও রাষ্ট্র যখন আল্লাহর দেওয়া বিধি বিধান দ্বারা পরিচালিত হয়না, আসমানী জীবনব্যবস্থাকে সর্বত্র প্রতিষ্ঠা করা হয়না তখন সেই সমাজ ও রাষ্ট্র অধিবাসীদের জনপদের জন্য সংকীর্ণ হয়ে আসে। কখন কে কোথায় অন্যায় ও জুলুমের শিকার হয়, চুরি, ছিনতাই, ঘুষ ও ডাকাতির সম্মুখীন হয় এই ভয় সবাইকে তাড়া করে বেড়ায়।
এখানে কেউ নির্বিঘ্নে নিশ্বাসটুকু পর্যন্ত ফেলতে পারেনা। সব সময় একটা ভয় আর আতঙ্ক বিরাজ করে সবার মনে।
যেই সমাজ ও রাষ্ট্র আল্লাহর দেওয়া বিধি বিধান দ্বারা পরিচালিত হয়, আইন আদালতে ইসলামী বিচারব্যবস্থার অনুসরণ করা হয়, মানুষ ব্যাপকভাবে আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকার চেষ্টা করে। সেই সমাজ ও রাষ্ট্রে অবিরত আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে, জমিন বরকতে ভরে যায়। আল্লাহ তাআলা বলেছেন-
وَ لَوۡ اَنَّهُمۡ اَقَامُوا التَّوۡرٰىۃَ وَ الۡاِنۡجِیۡلَ وَ مَاۤ اُنۡزِلَ اِلَیۡهِمۡ مِّنۡ رَّبِّهِمۡ لَاَكَلُوۡا مِنۡ فَوۡقِهِمۡ وَ مِنۡ تَحۡتِ اَرۡجُلِهِمۡ ؕ مِنۡهُمۡ اُمَّۃٌ مُّقۡتَصِدَۃٌ ؕ وَ كَثِیۡرٌ مِّنۡهُمۡ سَآءَ مَا یَعۡمَلُوۡنَ ﴿۶۶﴾
আর যদি তারা তাওরাত, ইনজীল ও তাদের নিকট তাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, তা কায়েম করত, তবে অবশ্যই তারা খাবার পেত তাদের উপর থেকে এবং তাদের পদতল থেকে। তাদের মধ্যে সঠিক পথের অনুসারী একটি দল রয়েছে, আর তাদের অনেকেই যা করছে, তা কতইনা মন্দ! -[ সুরা মায়িদা ৬৬]
আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার সুফল অনেক। শুধু আখিরাতের সুফলই নয় দুনিয়াতেও লাভ হয় অনেক বরকত ও কল্যাণ।
যখন কোন রাষ্ট্রে একটা হদ বাস্তবায়ন করা হয়, তখন সেখানে আল্লাহ এত পরিমাণ রহমত বর্ষণ করেন যে, লাগাতার চল্লিশ দিন রহমতের বৃষ্টি হওয়ার চেয়েও মানুষের জন্য হদ কায়েম বেশি কল্যাণকর।
হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِقَامَةُ حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ خَيْرٌ مِنْ مَطَرِ أَرْبَعِينَ لَيْلَةً فِي بِلاَدِ اللَّهِ عَزَّ وَجَلَّ
আল্লাহর নির্ধারিত হদসমূহের মধ্য হতে কোন একটা হদ কায়েম করা, মহামহিম আল্লাহ তাআলা কোন জনপদে চল্লিশ রাত বৃষ্টি বর্ষণ করার চেয়েও উত্তম। -[সুনানে ইবনে মাজাহ ২৫৩৭, সুনানে নাসাই ৪৯০৫]
দুঃখজনক ব্যাপার হল, মানুষ কল্যাণ লাভের জন্য কোথাকার কোন গণতন্ত্র আর কল্যাণরাষ্ট্রের পেছনে ছুটছে। অথচ আল্লাহ তাআলা বরকত ও কল্যাণ রেখেছেন ইসলামী শরীয়াহ দ্বারা শাসিত রাষ্ট্র ও সমাজে।

Top comments (0)