DEV Community

Ummah Network
Ummah Network

Posted on

তাওবা ইস্তিগফারঃ প্রয়োজনীয়তা ও উপকারীতা

আমাদের প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন একশোবার তাওবা ইস্তিগফার করতেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ
إِنِّي لأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ
নিশ্চয়ই আমি দিনে একশোবার আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করি। -[ইবনে মাজাহ ৩৮১৫]
অথচ আমরা উম্মতেরা প্রতিদিন প্রতিনিয়ত হাজারো গুনাহ করা সত্ত্বেও তাওবা ইস্তিগফারের জন্য একটু সময় বের করতে পারিনা। খাওয়া ঘুম গোসল, গল্প গুজব, খেলা ধুলা, অফিসে যাওয়া বাজারে যাওয়া সহ হাজারো কাজের জন্য সময় থাকে। শুধু তাওবা ইস্তিগফার ও দ্বীনের কাজ করার জন্য সময় থাকেনা!
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিনে শতবার ইস্তিগফার করতেন, সে জায়গায় আমরা কতবেশি করা জরুরী ছিল? বেশি যদি না করি, কমটুকুও কি আমাদের করা হয়? আফসোস শত আফসোস। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন।
ইস্তিগফারের উপকারিতা-
ইস্তিগফারের মাধ্যমে শুধু গুনাহই মাফ হয়না, দুনিয়াবী অনেক উপকারিতাও পাওয়া যায়। সুরা নুহের মধ্যে নুহ আলাইহিস সালামের বক্তব্য উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি তার কওমকে ইস্তেগফার করার আহ্বান জানিয়েছেন, এবং এর বিনিময়ে দুনিয়াতেও আল্লাহর বিভিন্ন নিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছেন। ইরশাদ হয়েছেঃ
فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ اِنَّهٗ كَانَ غَفَّارًا، یُّرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًا، وَّ یُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّ بَنِیْنَ وَ یَجْعَلْ لَّكُمْ جَنّٰتٍ وَّ یَجْعَلْ لَّكُم اَنْهٰرًا.
অতঃপর আমি বললাম, (অর্থাৎ নুহ আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বলেছেন) তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তাহলে তিনি তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। তোমাদেরকে সম্পদ ও সন্তানাদি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য বিভিন্ন রকমের বাগান ও নদ-নদী সৃষ্টি করে দেবেন। - [সূরা নূহ ১০-১২]
এই আয়াতের আলোকে ইস্তিগফারের বদৌলতে অনেকগুলো উপকারিতা লাভ করার ইঙ্গিত মিলে-
ক, গুনাহ যত বড় বা যত বেশিই হোকনা কেন ইস্তিগফারের মাধ্যমে সব ক্ষমা হয়ে যাবে।
খ, কখনো যদি অনাবৃষ্টি দেখা দেয় তাহলে ইস্তিগফারের আমল করলে মুষলধারে বৃষ্টি নামার আশা করা যায়। মূলত ইস্তেস্কা তথা বৃষ্টিপ্রার্থনার নামাজেও আল্লাহর কাছে কাকুতি ইনতি করে ইস্তেগফার এবং দয়া প্রার্থনা করা হয়।
গ, যেসব দম্পতি সন্তানের জন্য হাহাকার করছেন তারা এই আমল করতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা সন্তান দান করবেন।

ঘ, যারা দরিদ্র আছেন জীবনে স্বচ্ছলতা আনতে চান এবং যারা ফল ফসলে উন্নতি চান তারা বেশি বেশি ইস্তিগফারের আমল করলে ইনশাআল্লাহ ফায়দা পাবেন।

এই কয়টা ছাড়াও ইস্তিগফারের আরো অনেক ফায়দা আছে। যেমন এক হাদীসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ
مَنْ لَزِمَ الاِسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لاَ يَحْتَسِبُ
যে ব্যাক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার জন্য সমস্ত পেরেশানি থেকে মুক্তির পথ খুলে দেবেন, সমস্ত সংকীর্ণতা থেকে মুক্তির উপায় বের করে দেবেন এবং তাঁকে এমন স্থান হতে রিযিক দেবেন যা সে কল্পনাও করেনি। - [ইবনে মাজাহ ৩৮১৯, আবু দাউদ ১৫১৮]
অতএব আসুন হে প্রিয় ভাই, বেশি বেশি তাওবা ইস্তিগফার করি, দুনিয়া আখিরাতে অফুরন্ত কল্যাণ লাভ করি। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন।

শাইখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহ

Top comments (0)