DEV Community

আল্লাহর অবাধ্যতা করে কাকে সন্তুষ্ট করছি?

আর মানুষের মধ্যে কিছু লোক এমনও আছে, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে (আল্লাহর) সমকক্ষরূপে গ্রহণ করে এবং তাদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো।—সূরা আল-বাকারা, ২ : ১৬৫
ইমাম ইবনুল কাইয়্যিম রহ. বলেছেন,
قَدْ قَضَى اللَّهُ تَعَالَى قَضَاءً لَا يُرَدُّ وَلَا يُدْفَعُ أَنَّ مَنْ أَحَبَّ شَيْئًا سِوَاهُ عُذِّبَ بِهِ وَلَا بُدَّ، وَأَنَّ مَنْ خَافَ غَيْرَهُ سَلَّطَ عَلَيْهِ، وَأَنَّ مَنِ اشْتَغَلَ بِشَيْءٍ غَيْرِهِ كَانَ شُؤْمًا عَلَيْهِ، وَمَنْ آثَرَ غَيْرَهُ عَلَيْهِ لَمْ يُبَارَكْ فِيهِ، وَمَنْ أَرْضَى غَيْرَهُ بِسَخَطِهِ أَسْخَطَهُ عَلَيْهِ وَلَا بُدَّ.
আল্লাহ তাআলা এমন একটি ফয়সালা করে রেখেছেন, যা রদ করা যায় না, প্রতিহতও করা যায় না। তা হলো, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভালোবাসে, তাকে সেই জিনিস দ্বারাই শাস্তি দেওয়া হয়। যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে, তার ওপর সেই ব্যক্তিকেই চাপিয়ে দেওয়া হয়। যে আল্লাহ ছাড়া অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়, তা তার জন্য অশুভ বলে সাব্যস্ত হয়। যে আল্লাহর চেয়ে অন্য কাউকে প্রাধান্য দেয়, সে তাতে বরকত পায় না। আর যে আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কাউকে সন্তুষ্ট করে, আল্লাহ সেই ব্যক্তিকে তার ওপর অসন্তুষ্ট করে দেন।—আল-ওয়াবিলুস সাইয়্যিব: ৮
মুহাসাবা
আসুন একটু ভাবি,
আমি কি আল্লাহর ভালোবাসার চেয়ে দুনিয়ার কোনো ব্যক্তি, বস্তু, প্রতিষ্ঠান কিংবা দলের ভালোবাসাকে বেশি প্রাধান্য দিচ্ছি?
আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে এমনভাবে ভয় করছি, যার কারণে আল্লাহর আদেশ অমান্য করে ফেলছি?
আমি কি আল্লাহকে স্মরণ করা ও তাঁর আনুগত্যের চেয়ে অন্য কিছু নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছি?
মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আমি কি আল্লাহর অসন্তুষ্টির কাজ করে ফেলছি?

Top comments (0)